নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বুধবার দুপুরের দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে। এ ঘটনায় তাসিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশু গুরুতর আহত হয়েছেন।
নিহতেরা হলেন- উপজেলার একই গ্রামের কিতাব আলী ছেলে আইয়ুব আলী (৪৯), তার স্ত্রীর আবেদা আকাতার (৪০) এবং ওই দম্পতির মেয়ে পিংকি আক্তার (২২)। পিংকি আক্তারের দেড় বছরের মেয়ে তাসিয়া আক্তারকে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর উপহারের ঘর বরাদ্দ পান আইবুল মিয়া। এ ঘরের নির্মাণকাজ প্রায় শেষের পথে। তার নামে বরাদ্দকৃত ঘরটিতে মর্টারের সাহায্যে পানি দিয়ে আসছিলেন কয়েক দিন ধরে। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঘরটিতে পানি দিতে গিয়ে সেখানে বিদ্যুতের তার ছিঁড়ে গেলে তিনি বিদ্যুতায়িত হন।
আরও জানা যায়, তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী আবেদা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মা ও বাবাকে বাঁচাতে গিয়ে পিংকি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় পিংকির কোলে তার ১৮ মাস বয়সী কন্যা তাসিয়া আক্তার ছিল। শিশুটি বিদ্যুৎস্পর্শে কোল থেকে ছিটকে পড়ে গিয়ে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্থানীয়রা।
খালিয়াজুরী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক প্রসেনজিৎ দাস জানান, হাসপাতালে আনার আগেই ওই দম্পতি ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আহত শিশুটির অবস্থা গুরুতর থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়েছে।
খালিয়াজুরী থানার ওসি মো. মজিবুর রহমান তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
