এবার নিজস্ব রক্ষীবাহিনী নিয়ে কাবুলে ফিরেছেন তালিবানের অন্যতম শীর্ষনেতা মোল্লা আবদুল গনি বারাদার। কাবুলের নিরাপত্তার দায়িত্বে থাকা হাক্কানি গোষ্ঠীর নিরাপত্তা নিতে অস্বীকার করেছেন বারাদর।
‘হাক্কানি নেটওয়ার্ক’ এর প্রধান সিরাজউদ্দিন হাক্কানির অনুরোধ সত্বেও তাদের নিরাপত্তা নিতে অস্বীকার করে বারাদার।
তালেবান আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই সরকারের সম্ভাব্য প্রধান হিসাবে নাম উঠে এসেছিল মোল্লা আবদুল গনি বারাদারের। মধ্যপন্থী এই নেতাই আমেরিকার সঙ্গে শান্তিচুক্তিতে তালেবানের নেতৃত্ব দিয়েছিল। কিন্তু গত একমাস ধরেই তালেবানের অন্য অংশ, বিশেষত পাকিস্তান ঘনিষ্ঠ হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তার দ্বন্দ্বের কথা সামনে আসছিল। বারাদারের নাম নতুন আফগান সরকারের ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সেপ্টেম্বরের শুরুতে মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনার সময় বারাদারকে শারীরিকভাবে হেনস্তা করে হাক্কানি নেটওয়ার্কের এক নেতা। ওই সংগঠনের প্রধান তথা তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিনের চাচা খলিল হাক্কানিই এই কাণ্ড ঘটান। সেসময় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে কয়েকজন মারাও যায়। মোল্লা বারাদারের মৃত্যু নিয়েও গুঞ্জন উঠে।
তালেবান গোষ্ঠীর বাইরের অন্য নেতা, বিভিন্ন উপজাতি নেতৃত্ব, প্রাক্তন প্রেসিডেন্টদের মন্ত্রিসভায় নিতে চেয়েছিলেন বারাদর। যাতে তা পুরো বিশ্বের কাছে গ্রহণযোগ্য হয়। আর তা নিয়েই হাক্কানিদের সঙ্গে বিরোধ শুরু হয় তার।
