পাপিয়া ও সুমন চৌধুরীর বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ১০:৫৪ পিএম

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছে আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালত পাপিয়া ও তার স্বামীর উপস্থিতিতে এ চার্জশিটটি (অভিযোগপত্র) গ্রহণ করেন।

আদালত মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৮ নভেম্বর তারিখ ধার্য করে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৩ এ বদলির আদেশ দেয়।

এর আগে গত বছরের ৪ আগস্ট দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ছয় কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার সম্পদ তাদের জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ উপায়ে অর্জিত বলে প্রতীয়মান হয়েছে। জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ে অর্জিত ওই পরিমাণ সম্পদ তাদের ভোগ-দখলে রেখে অভিযুক্ত শামীমা নূর পাপিয়া এবং তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমন দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত বছরের ২২ ফেব্রুয়ারি দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চারজনকে গ্রেপ্তার করে র‌্যাব।

আরও জানা যায়, এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে রাজধানীর ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, পাঁচ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, পাঁচটি পাসপোর্ট, তিনটি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত