চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী পতেঙ্গা সমুদ্র সৈকতের অদূরে স্ক্রাপবোঝাই ‘এমভি টিটু-৭’ নামে একটি জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তবে জাহাজে থাকা ১৩ নাবিক; সকলেই নিরাপদে আছেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক দেশ রূপান্তরকে বলেন, বন্দরের বহির্নোঙরে এমভি টিটো-সেভেন নামে জাহাজটি ডুবে গেছে। জাহাজটি আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন। জাহাজের নাবিকরা সবাই নিরাপদে আছেন।
‘সাগর কিছুটা উত্তাল ছিল। খোঁজ নিয়ে প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরেকটি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে পানি ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে গেছে। দুর্ঘটনার কারণসহ সার্বিক বিষয় খতিয়ে দেখার জন্য চট্টগ্রাম বন্দরের একটি টিম।’
ডুবে যাওয়া জাহাজটি বন্দরের দেশি-বিদেশি জাহাজ চলাচলের যে চ্যানেল আছে তার থেকে দূরবর্তী হওয়ায় জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।
