মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা বাজারে এক নারী পল্লি চিকিৎসকের ভুল চিকিৎসায় আহাম্মদ আলী (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত ওই ব্যক্তি উপজেলার বলধারা ইউনিয়নের পারিল (মাজার পাড়া) বড় নগর গ্রামের মৃত ময় চানের পুত্র।
জানা গেছে, বুধবার দুপুরের দিকে আহাম্মদ আলী শরীর ব্যাথা ও জ্বর নিয়ে স্ত্রীর সঙ্গে বায়রা বাজারের দেওয়ান ফার্মেসিতে চিকিৎসা নিতে আসেন। ফার্মেসির দায়িত্বে থাকা হাতুড়ে ডাক্তার নিলুফা ইয়াসমিন (৩৫) ওই রোগীর শরীরে ইনজেকশন পুস করার পর তার অবস্থার অবনতি ঘটে। সেখানেই তার মৃত্যু হয়।
এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ওই ফার্মেসিতে জড়ো হয়। অবস্থা বেগতিক দেখে নিলুফা ইয়াসমিন ফার্মেসি বন্ধ করে গা-ঢাকা দেন। অভিযুক্ত পল্লি চিকিৎসক নিলুফা ইয়াসমিন বায়রা বাজার এলাকার বাসিন্দা।
এদিকে ভুল চিকিৎসায় মৃত্যুর খবর পেয়ে রাতেই থানা-পুলিশ যাচাই করে সত্যতা নিশ্চিত করেন।
এর আগে নিহতের স্বজনরা সমঝোতা করে লাশ নিয়ে যায়। বৃহস্পতিবার সকাল ৯টায় নূর মহসিন বিদ্যায়তন খেলার মাঠে নামাজে জানাজা শেষে লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
নিহতের পরিবার ময়নাতদন্ত ও মামলা মোকদ্দমা এড়াতে থানায় অভিযোগ ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন।
অভিযুক্ত নিলুফা ইয়াসমিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার মা রাবেয়া বেগম জানান ইনজেকশন পুস করার পর সামান্য সুস্থ হলেও পরে রোগীর মৃত্যু হয়।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ মো.আবু হানিফ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ না দেয়ায় অভিযুক্ত পল্লি চিকিৎসকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
