বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

ডিউটি ডাক্তারের বিশ্রামাগারে নিয়মিত বসে মাদকের আসর

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১২:৩৬ এএম

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত (ডিউটি) চিকিৎসকের বিশ্রামাগারে নিয়মিত মাদকের আসর বসান বলে অভিযোগ পাওয়া গেছে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বিরুদ্ধে। সেখানে রাতভর চলে ইয়াবা, গাঁজাসহ নানা ধরনের মাদক সেবন। বসে জুয়ারও আসর। ওই আসরে তার সঙ্গে অংশ নেয় বহিরাগত কয়েক মাদকসেবী। হাসপাতালের ওই আসরে মাদক সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে।

ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, বাউফল হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার (৪০) রাতে জরুরি বিভাগের দায়িত্ব পালনকালে হাসপাতালের বিশ্রামাগারে তিনিসহ কয়েক মাদকসেবী অবস্থান করছেন। সঙ্গে দেখা যায় বহিরাগতদের নিয়ে ইয়াবা ও গাঁজা সেবন করছেন তিনি। চলছে জুয়া খেলার প্রস্তুতি। 

অনুসন্ধানে জানা গেছে, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বাশার একজন নিয়মিত মাদকসেবী। এলাকায় তার পরিচিতি ‘বাবা বাশার’ হিসেবে। কর্মস্থল বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পৌর শহরের বেশ কয়েকটি স্পটে তিনি মাদক সেবন করেন বলেও অভিযোগ রয়েছে। চিহ্নিত কয়েক মাদক কারবারি ও স্থানীয় রাজনৈতিক নেতারা তার মাদকের আসরের নিয়মিত সদস্য। অভিযোগ আছে, সবসময় মাদকাসক্ত থাকায় হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি। তার এমন কর্মকা-ের কথা সবাই জানলেও ভয়ে কেউ প্রতিবাদ করে না।

এ বিষয়ে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আবুল বাশার বলেন, ‘পারিবারিক অশান্তির কারণে আমি মাদকাসক্ত হয়ে পড়ি। কর্মস্থলে বসে মাদক সেবন আমার ঠিক হয়নি। এটা আমার ভুল হয়েছে।’   

বিষয়টা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহার দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কর্মস্থলে মাদক সেবন করার কোনো সুযোগ নেই। এটা কঠিন অপরাধ। তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, যে অপরাধ করবে সে শাস্তি ভোগ করবে। এর দায়ভার একান্তই তার। ঘটনার সত্যতা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত