রাজত্ব রক্ষা হলো না মুম্বাই ইন্ডিয়ানসের। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪২ রানের জয় পাওয়া সত্ত্বেও চলতি আইপিএলের প্লে-অফে খেলা হচ্ছে না রোহিত শর্মাদের। বিদায় নিতে হল গত দুই আসরের চ্যাম্পিয়নদের।
প্লে-অফে নিশ্চিত করতে হলে ১৭১ রানের জয় দরকার ছিল মুম্বাইয়ের। কাজটা যে অবিশ্বাস্য তা ভালো করেই জানত রোহিতরা। তবুও দুর্দান্ত ব্যাটিংয়ে রানের পাহাড়ই গড়ল মুম্বাই। ঈশান কিষানের ৮৪ ও সুর্যকুমার যাদবের ৮২ রানের সুবাদে ৯ উইকেটে স্কোরবোর্ডে ২৩৫ রান জমা করে তারা।
টিকে থাকতে হলে প্রতিপক্ষকে মাত্র ৬৫ রানের মধ্যে বন্দী করতে হতো মুম্বাইয়ের। কিন্তু প্রথম উইকেট হারানোর আগেই ৬৪ রান করে ফেলে হায়দরাবাদ। ৩৪ রান করে বিদায় নেন ইংলিশ ওপেনার জেসন রয়।
হায়দরাবাদের বিদায় ঘণ্টা আগেই বেজে গিয়েছিল। মুম্বাইয়ের বিপক্ষে তাদের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। এই ম্যাচে দারুণ ব্যাট করে হারের পাশাপাশি রোহিতদের বিদায়ও নিশ্চিত করল তারা। তিনে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মনীশ পাণ্ডের ৬৮ রানের সুবাদে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৮ উইকেট ১৯৪ রানে থামে হায়দরাবাদ।
মুম্বাইয়ের জয় সত্ত্বেও প্লে-অফে খেলা নিশ্চিত হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। নেট রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে আছে কেকেআর।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই ইন্ডিয়ানস: ২৩৫/৯ (২০ ওভার: কিষাণ ৮৪ (৩২), সুর্যকুমার ৮২ (৪০); হোল্ডার ৪/৫২
সানরাইজার্স হায়দরাবাদ: ১৯৩/৮ (২০ ওভার): পাণ্ডে ৬৯ (৪১); নিশাম ২/২৮
মুম্বাই ইন্ডিয়ানসের ৪২ রানে জয়।
