মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ৩ দালালকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় শাজাহান আলী, বাকের আলী এবং সোহাগ হোসেন নামে তিন দালালকে আটক করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তিন দালালই শহরের উপকণ্ঠ দিঘিরপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে সংশ্লিষ্টরা জানান, মেহেরপুর জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করার দাবি দীর্ঘদিনের। দালালদের হয়রানি থেকে রোগীদের মুক্তির দাবিতে বহুবার হাসপাতালের সামনে মানববন্ধন, মিছিল, প্রতিবাদ সমাবেশ, স্মারকলিপি পেশ কর্মসূচি পালন হয়েছে। কিন্তু তারপরও হাসপাতাল দালালমুক্ত হয়নি। মাঝেমধ্যে ২-৩ জন দালাল ধরে জরিমানার পর আবার থেমে যায় অভিযান।
রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের প্রবেশমুখ থেকে শুরু হয় দালালদের অত্যাচার ও রোগী নিয়ে টানাহেঁচড়া।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) রফিকুল ইসলাম বলেন, ‘হাসপাতালকে দালালমুক্ত করতে বহুবার প্রশাসনের সহযোগিতা চেয়ে পত্র দিয়েছি। হাসপাতালকে দালালমুক্ত করা আমাদের একার পক্ষে সম্ভব নয়।’
