পিএসজির স্পোর্টিং ডিরেক্টরের হুংকার, রিয়ালকে অবশ্যই শাস্তি পেতে হবে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:০৬ এএম

কিলিয়ান এমবাপ্পের ট্রান্সফারের বিষয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনোর্দো ফের সতর্ক করে দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। তিনি মনে করেন, পিএসজির প্রতি স্প্যানিশ জায়ান্টদের সম্মানের অভাব রয়েছে।

বেশ কয়েক মৌসুম ধরে এমবাপ্পের সঙ্গে চুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। ফরাসি ফরোয়ার্ডও প্যারিস ছেড়ে যেতে চান মাদ্রিদে। এই মৌসুমেই ২২ বছর বয়সী ফরোয়ার্ডকে দলে নিতে ফরাসি জায়ান্টদের ২০০ মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব দিয়েছিল লস ব্লাঙ্কোসরা। কিন্তু রিয়ালের প্রস্তাব প্রত্যাখ্যান করে লিগ ওয়ানের ক্লাবটি।

কিন্তু এমবাপ্পেকে সান্তিয়াগো বার্নাব্যুতে আনার চিন্তা এখনো ছাড়েনি কার্লো আনচেলত্তির দল। তবে বিষয়টি মনঃপূত হয়নি লিওনার্দোর। মিলানে এক অনুষ্ঠানে গিয়ে ফেস্তিভো দেল্লোকে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর বলেন, ‘আমি মনে করি, রিয়াল মাদ্রিদ এমবাপ্পেকে কেনার (ফ্রি এজেন্ট হিসেবে) কাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে।’

তিনি আরও বলেন, ‘দু্ই বছর ধরে প্রকাশ্যে তারা এমবাপ্পের বিষয়ে কথা বলছে। এর শাস্তি হওয়া উচিত। রিয়াল মাদ্রিদকে দেখলাম, এমবাপ্পের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। সে সাধারণ কোনো খেলোয়াড় নয়। বিশ্বের সেরাদের একজন। কোচ, বোর্ড, রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা কিলিয়ানকে নিয়ে কথা বলছে। আমি মনে করি, এটা তাদের পরিকল্পনা, এটা সম্মানজনক নয়।’

তবে রিয়ালের চিন্তায় জল ঢেলে দিতে পারে পিএসজি। ফরাসি তারকার সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা করছে তারা। লিওনার্দো জানান, ‘আমাদের চিন্তা হলো কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তি বাড়ানো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত