যুক্তরাষ্ট্রে ২০ দশমিক ৯ মিলিয়ন ডলারে সুপার লাক্সারি বাড়ি কিনেছেন আফগানিস্তানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবদুল রহিম ওয়ারদাকের ছেলে দাউদ ওয়ারদাক।
দাউদ ফ্লোরিডার মিয়ামিতে বেভারলি হিলসে এই বিলাসবহুল বাড়ি কেনেন বলে জানিয়েছে আফগান সংবাদ সংস্থা খামা নিউজ।
এমনকি অভিজাত সেন্ট রেজিস বাল হারবার রিসোর্টে ৫ দশমিক ২ মিলিয়ন ডলারের মিয়ামি বিচ কন্ডোর মালিকও দাউদ।
সাবেক এই আফগান মন্ত্রীর ছেলের ব্যবসা এবং সম্পদের উৎস অজানা। তবে পাবলিক করপোরেশন নথিতে দেখা যায়, তিনি মিয়ামিভিত্তিক এডি ক্যাপিটাল গ্রুপ ফার্মের মালিক।
অন্যান্য নথিতে দেখা যায়, তার বড় ভাই হামিদ ওয়ারদাকও একজন সফল ব্যবসায়ী। তিনি সামরিক পরিবহন কোম্পানি এনসিএল হোল্ডিংস পরিচালনা করছেন।
এই কোম্পানিটি ভার্জিনিয়ায় অবস্থিত। অবশ্য প্রাথমিকভাবে এটি আফগানিস্তানে কার্যক্রম শুরু করেছিল।
এনসিএল ৩৬০ মিলিয়ন ডলারের একটি মার্কিন ঠিকাদারি পেয়েছিল। এই ঠিকাদারির অংশ হিসেবে এনসিএল আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সরবরাহ রুটের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল।
দাউদ ওয়ারদাক এমন সময় মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয়ে বিলাসবহুল বাড়ি কিনছেন, যখন দুই কোটি আফগান দিনে এনে দিনে খায়। লাখ লাখ শিশু অপুষ্টিতে ভুগছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত।
গত আগস্টে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়তে শুরু করলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে আফগান সেনাবাহিনী। এজন্য সেনাবাহিনীতে লাগামহীন দুর্নীতিকে দায়ী করা হয়।
