জয়পুরহাটের ক্ষেতলালে উপজেলার ধনতলা বাজারে ২০০ টাকা চুরির অপবাদ দিয়ে দিনমজুরের মেয়ে তৃতীয় শ্রেণির এক শিশুকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে।
শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এ ঘটনা ঘটে।
শিশুটি একই এলাকার আনিসুরের মেয়ে। তাকে নির্যাতনের ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই অভিযুক্ত বেলি বেগমকে (৪০) আটক করেছে পুলিশ।
স্থানীয়ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারে এক চায়ের দোকানের ক্যাশ বাক্স থেকে ২০০ টাকা হারিয়ে যাওয়া সন্দেহে শিশু আনিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করে।
মুহূর্তের মধ্যেই ওই শিশুর নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় রাতেই পুলিশ চায়ের দোকানদার আবু বক্করের স্ত্রী বেলি বেগমকে আটক করে।
এ ঘটনায় শিশুটির দাদা আলম ফকির বাদী হয়ে দুই নারীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম বলেন, শিশুটির মা নেই, বাবা দিনমজুর। টাকা চুরিকে কেন্দ্র করে শিশুটিকে গাছে বেঁধে ছিল, এ ঘটনায় আমি শুনেছি আর অভিযুক্তকে পুলিশ ধরে নিয়ে গেছে।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) নীরেন্দ্র নাথ মন্ডল এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাটি কেউ ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। আমাদের নজরে আসলে রাতে অভিযুক্ত বেলি বেগমকে আটক করা হয়।
শিশুটির দাদা বাদী হয়ে আবু বক্করের স্ত্রী বেলী বেগম ও এ ঘটনায় সহযোগিতা করায় শরাফত আলীর স্ত্রী রহিমাকে আসামি মামলা দায়ের করেন। বেলিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
