ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন, পুড়ে মরলো আরোহী

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০২:১৮ পিএম

গাজীপুরের শ্রীপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে আগুন ধরে গেলে বিল্লাল হোসেন (৪৫) নামে এক আরোহী মারা যান। অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।

রবিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ধান বোঝাই ট্রাকের চাপায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিসারং গ্রামের মৃত ইমান আলীর ছেলে। দুই আরোহী মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন।

আহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ সময় দুর্ঘটনার কারণে মহাসড়কে পূর্ব পাশের লেন বন্ধ হয়ে গেলে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পশ্চিম পাশের এক লেন ব্যবহার করে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মসজিদ কমিটির সদস্য মো. খোরশেদ আলম দেশ রূপান্তরকে বলেন, ভোরে আমরা অনেকেই মহাসড়ক লাগোয়া গিলারচালা কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আচমকা বিকট শব্দ হয় মসজিদের বিপরীত দিকে মহাসড়কের পূর্ব লেনে।

তিনি বলেন, সবাই দৌড়ে কাছে গিয়ে দেখি একটি মোটরসাইকেল ট্রাকচাপা পড়েছে। এ সময় দুই আরোহী ট্রাকের নিচে আগুনে পুড়ছিল। একজনকে উদ্ধার করা গেলেও অন্যজন পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। পরে পুলিশ এসে দগ্ধ এক আরোহীর মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

মাওনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিস জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে আগুন নেভায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে একজন মারা যান।

মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, খুব ভোরে এ দুর্ঘটনা ঘটে। ধান বোঝাই একটি ট্রাক দুই মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে মোটরসাইকেলে আগুন ধরে যায়।

তিনি বলেন, নিহতের মরদেহ থানায় রাখা আছে। স্বজনদের দাবির প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত