সাভারের তুরাগ নদীর আমিনবাজার এলাকার একটি বাল্কহেডের ধাক্কায় ছোট নৌকার ৭ যাত্রী নিহতের রেশ না কাটতেই রবিবার দুপুরে ত্রিমুখী সংঘর্ষে একটি সিমেন্ট বোঝাই বাল্কহেড নদীতে ডুবে গেছে।
এ ঘটনায় আমিনবাজার নৌ থানা-পুলিশ ঘটনাস্থল থেকে বাকি দুটি বাল্কহেড আটক করেছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুরে নারায়ণগঞ্জ থেকে আকিজ গ্রুপের একটি সিমেন্ট ভর্তি বাল্কহেড আমিনবাজার এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেডের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় আরও একটি খালি বাল্কহেডের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ ঘটলে সিমেন্ট ভর্তি বাল্কহেডটি ডুবে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমিনবাজার নৌ-পুলিশ বালু বোঝাই ও খালি বাল্কহেড দুটি আটক করেছে।
আমিন বাজার নৌ থানার পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন সিমেন্ট বোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শনিবার সকালে তুরাগ নদীর আমিন বাজার এলাকায় যাত্রী পারাপারের সময় বালু বোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি ছোট নৌকা তলিয়ে যায়। এ সময় ওই নৌকায় থাকা ১৮ জন যাত্রীর মধ্যে ১১ জন কোনো রকমে সাঁতরে তীরে উঠে। এ ঘটনায় ফায়ার সার্ভিস দীর্ঘ ৩৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে এক নারী ও চার শিশুসহ পাঁচজনের লাশ উদ্ধার করেন। এখনো এক নারী ও এক শিশু নিখোঁজ রয়েছে। তবে রবিবার দুপুরে উদ্ধার অভিযানটি সমাপ্ত ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।
