ভারতে কৃষক হত্যায় জড়িত মন্ত্রীপুত্র গ্রেপ্তার

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১০:৪৫ পিএম

ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষক হত্যার ঘটনার মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। গত শনিবার রাত ১১টার দিকে আশিসকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এনডিটিভি।

উত্তর প্রদেশের লখিমপুর-কাণ্ডের পাঁচ দিন পর গ্রেপ্তার করা হলো আশিসকে। যদিও প্রথম থেকেই বিরোধী দলগুলো তাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিল। দেশটির পুলিশ বলছে, তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযোগ এড়ানোর চেষ্টা করেছেন এবং সহযোগিতাপূর্ণ মনোভাব দেখাননি।

বিতর্কিত আইন বাতিলের দাবিতে কৃষকদের আন্দোলন অব্যাহত রয়েছে ভারতে। এর মাঝে কৃষককে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আশিস মিশ্রের বিরুদ্ধে। এ ঘটনায় উচ্চ আদালত উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেয়, কৃষক নিহত হওয়ার ঘটনায় যেই জড়িত থাকুক তাকে গ্রেপ্তার করার। এর পরপরই গ্রেপ্তার হন আশিস।

গত রবিবার বিকেলে লখিমপুর খেরিতে কৃষকরা বিক্ষোভ করার সময় একটি গাড়ি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে দুই কৃষক প্রাণ হারান। অভিযোগ, সেই গাড়িতে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে। এ খবর ছড়িয়ে পড়তেই সংঘর্ষ বেধে যায় পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে। এতে চার কৃষকসহ আটজনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত