রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনুর আলমের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজ। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী পাউবোর নিমতলা চত্বরে ঠিকাদাররা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ঠিকাদার নেতৃবৃন্দ বলেন, রাজশাহী পওর বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী কোহিনূর আলম ২০১৯-২০২০ অর্থবছরে রাজশাহী শহর পওর বিভাগের দরপত্রে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে পছন্দের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজে নিয়োগ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছেন। কর্মসূচিতে রাজশাহী পাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী চেম্বারের সাবেক পরিচালক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান, রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা গোলাম নবী রনি প্রমুখ বক্তব্য দেন।
কোহিনুর আলম বর্তমানে পাউবোর ঢাকা কার্যালয়ে কর্মরত। এ ব্যাপার বক্তব্য জানতে গতকাল তাকে ফোন করলে সাংবাদিক পরিচয় পেয়ে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
