রাজধানীর পুরান ঢাকার ২নং আরমানিটোলা বংশাল মাঠের পাশে একটি কেমিক্যালের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি বলেন, সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের চেষ্টায় ১০ টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কেমিক্যালের দোকান হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয় বলে তিনি জানান।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
