স্বামী-সন্তান রেখে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করেছেন এক প্রেমিকা। তার এক কন্যা সন্তান রয়েছে। তারপরও প্রেমের মোহে তিনি প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে চান। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে।
সোমবার বিকেলে দেখা গেছে, প্রেমিকা (২০) অবস্থান করা ওই বাড়িতে উৎসুক জনতার ভিড়। প্রেমিক জসিম উদ্দিন (২১) বাড়িতে নেই। তার মা ভাত খাইয়ে অনশন ভাঙার চেষ্টা করছেন। কিন্তু কিছুতেই কাজ হচ্ছে না, তার এক দাবি জসিমকে বিয়ে করতে হবে।
অনশনকারী প্রেমিকা বলেন , একই গ্রামের বাদলের সঙ্গে তার ৫ বছর আগে বিয়ে হয়। ওই ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। গত রমজান মাস থেকে প্রতিবেশী জসিমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে সেটা শারীরিক সম্পর্কে গড়ায়। জসিমকে নিয়ে তার বোনের বাড়িসহ বিভিন্ন স্থানে রাত যাপন করেছেন তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি তার স্বামী জানতে পেরে সংসারে অশান্তির সৃষ্টি হয়েছে। একপর্যায়ে স্বামী তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তাই বিয়ের দাবিতে জসিমের বাড়িতে অবস্থান নেন তিনি।
তাকে প্রেমিক বিয়ে না করলে প্রয়োজনে সেখানেই আত্মহত্যা করবেন বলে হুমকিও দেন তিনি।
এদিকে অভিযুক্ত জসিম উদ্দিনকে বাড়িতে পাওয়া যায়নি । তার মা জানান, জসিম কাজে গেছেন। এ বিষয়ে আমি কিছুই জানি না। আগে কখনো এমন সম্পর্কের কথা শুনিনি।
স্থানীয় ইউপি সদস্য ফেলু মিয়া জানান, বিষয়টি আমি শুনেছি। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় এলাকার গণ্যমান্যদের মীমাংসার কথা বলেছি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, কেউ অভিযোগ দিতে আসেনি। তারপরও পুলিশ পাঠিয়ে খোঁজ নিচ্ছি।
