আজ থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শুরু করছে সপ্তম টি-টোয়েন্ট বিশ্বকাপের দলগুলো। বাংলাদেশ তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে আজ শ্রীলঙ্কার সঙ্গে। পরের ম্যাচটির প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আজকের ম্যাচটির ভেন্যু আবুধাবির শেখ জায়েদ অ্যাকাডেমি মাঠ টলারেন্স ওভাল।
৪ অক্টোবর ভোরে ওমানে পৌঁছানো বাংলাদেশ ৮ তারিখ ওমান ‘এ’ দলের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সেখান থেকে রবিবার রাতে আবুধাবিতে পৌঁছানোর পর বাংলাদেশের বহরে থাকা সব সদস্যের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় সবারই নেগেটিভ এসেছে। গতকাল তারা প্রস্তুতি ম্যাচের ভেন্যুতে দুপুরের পর অনুশীলন করে। সেই অনুশীলনে ছিলেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে যাওয়া পেসার মোস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্সের গতকাল প্লে-অফ থাকায় সাকিব আল হাসান এখনো দলের সঙ্গে যোগ দিতে পারেননি।
পিঠের সামান্য চোটের কারণে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ওমান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে খেলতে পারেননি। তার জায়গায় লিটন দাশ দলকে নেতৃত্ব দেন। নাঈম শেখকে নিয়ে ১০২ রানের জুটি গড়ে দলকে ৪ উইকেটে ২০৭ রানের স্কোর এনে দেওয়ার ভিত গড়ে দেন ৫৩ বলে ৬৩ রান করা লিটন। ৩৩ বলে ৫৩ করেন নাঈম। আর ১৫ বলে ৭ ছক্কায় হার না মানা ৪৯ রান করেন নুরুল হাসান সোহান। বোলারদের মধ্যে সেরা বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ৩০ রানে নেন ৩ উইকেট। সাইফউদ্দিন ১৭ রানে নেন ২টি। প্রায় একই সঙ্গে ওমানে পৌঁছানো শ্রীলঙ্কা স্বাগতিকদের সঙ্গে দুটি স্বীকৃত টি-২০ ম্যাচ খেলে ৭ ও ৯ অক্টোবর। দুটো ম্যাচই জিতেছে তারা ১৬০ প্লাস রান করে। দুই ম্যাচে ৫০ রান দিয়ে ৬ উইকেট শিকারি পেসার লাহিরু কুমারাকে রিজার্ভ দল থেকে মূল স্কোয়াডে নিয়েছে শ্রীলঙ্কা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১ বার শ্রীলঙ্কার সঙ্গে খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ দুটি ম্যাচসহ চারবার জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জয় ৭টিতে। শ্রীলঙ্কা আজকের পর ১৪ তারিখ পাপুয়া নিউগিনির সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে। সুপার টুয়েলভের দলগুলোর প্রস্তুতি শুরু হচ্ছে ১৮ অক্টোবর থেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উইন্ডিজ তাদের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে। ভারতের প্রস্তুতি ম্যাচ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়ার আরেকটি প্রস্তুতি ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে। কিউইদের বাকি ম্যাচ ইংল্যান্ডের সঙ্গে। দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান ও পাকিস্তানের সঙ্গে। সবগুলো ম্যাচ হবে ১৮ ও ২০ অক্টোবর। ১৭ তারিখ থেকে শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। আর সুপার টুয়েলভ শুরু হবে ২৩ অক্টোবর। রিয়াদকে আজও বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দলের সঙ্গে নির্বাচক হিসেবে যাওয়া হাবিবুল বাশার।
