মাদক নেওয়ার অভিযোগে শাহরুখ খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তার নিয়ে ভারতের কেন্দ্রের শাসকদের নিশানা করলেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
দেশটির সংবাদমাধ্যম জানায়, সরাসরি আরিয়ানের নাম না করে তার অভিযোগ, মুসলিম হওয়ার কারণেই কেন্দ্রীয় সংস্থা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ‘২৩ বছরের একটি ছেলের’ বিরুদ্ধে সক্রিয়। অথচ একই দিনের আরেকটি ঘটনায় সরকার নির্বিকার।
আরিয়ানের ঘটনার সঙ্গে উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক খুনের প্রসঙ্গও টেনেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)-র সভানেত্রী। সরাসরি কারো নাম না করে তার দাবি, ওই ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিসকে আড়াল করা চেষ্টা করছে মোদি সরকার।
সোমবার টুইটে মেহবুবা লেখেন, ‘চারজন কৃষককে খুনের দায়ে অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে ছেড়ে কেন্দ্রীয় সংস্থাগুলো ২৩ বছরের এক যুবকের পেছনে পড়েছে। কারণটা সহজ, তার পদবি খান। বিজেপির ভোটব্যাংকের বিকৃত ইচ্ছাপূরণের জন্য মুসলিমদের নিশানা করা হচ্ছে।’
এনসিবি জানায়, ২ অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর মাদক পার্টি থেকে আরিয়ান খানকে আটক করা হয়। এরপর একাধিকবার জামিন আবেদন করেও ছেলেকে মুক্ত করতে পারেননি শাহরুখ।
এ ঘটনায় কিং খানের পাশে দাঁড়িয়েছেন তার বলিউডের সহকর্মীদের বড় একটি অংশ।
