ঘরে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে ধর্ষণচেষ্টা

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০২:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কৌশলে ঘরে ঢুকে স্বামীর হাত-পা বেঁধে স্ত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের ওই ঘটনায় গত সোমবার আদালতে একটি মামলা করা হয়। ভুক্তভোগী নারীর দাবি, ধর্ষণে বাধা দেওয়ায় তার স্বামীর শরীরের বিভিন্ন অংশে বিষাক্ত স্প্রে মেরে তাকে এলোপাতাড়ি মারধর করে অভিযুক্তরা। একই সঙ্গে স্বামী-স্ত্রী দুজনেরই চুল কেটে মাথা ন্যাড়া করে দেওয়া হয়।

ভুক্তভোগী নারীর স্বামী অভিযোগ করে বলেন, ‘আমার হাত-পা বেঁধে চোখের সামনে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে তারা। এতে বাধা দিতে গেলে আমার মাথা ন্যাড়া করে আমার স্ত্রীর মাথার চুলও কেটে দেয় তারা। ঘটনার পর থেকেই ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি আমরা। এ ঘটনার বিচারের জন্য আদালতের শরণাপন্ন হয়েছি।’

ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আইনজীবী দেলোয়ার হোসেন দুলাল বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি একটি মামলা দায়ের করেছে। এরপর বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের আদেশ দিয়েছে।

নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। আমরা খবর নিয়ে দেখব।’

পটুয়াখালীতে শিশুকে ধর্ষণচেষ্টা : পটুয়াখালীর দুমকিতে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বশির মুন্সী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জলিশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত শনিবার স্কুলে যাওয়ার পথে রাস্তার পাশের একটি নির্মাণাধীন ভবনে মেয়েটিকে টেনে-হিঁচড়ে নিয়ে বশির তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় গত সোমবার রাতে বশিরের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়। দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, গতকাল দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত