সুনামগঞ্জ- সিলেট সড়কের শান্তিগঞ্জ উপজেলায় নোয়াগাঁও এলাকায় মোটরসাইকেল ও যাত্রীবাসী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, নিহতরা সবাই মোটরসাইকেল আরোহী। তারা ছাতক উপজেলার জাউয়াবাজার থেকে শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে যাচ্ছিলেন। শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও এলাকায় সুনামগঞ্জ থেকে ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী ছাতক উপজেলার কৈতক এলাকার বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে হৃদয় আহমদ, সফিক উদ্দিনের ছেলে জামিল হোসেন এবং একই এলাকার আঙ্গুর মিয়ার ছেলে লায়েক মিয়া। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হবে।
সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদীর হোসেন।
তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। লাশ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
