ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকাদানের জন্য আলাদা টিকাকেন্দ্র খোলা হচ্ছে। অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আলাদা টিকাকেন্দ্র করতে ঢাকা জেলা সিভিল সার্জনকে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এর আগে গত ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাবি অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার সাত কলেজের ২ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে টিকা কার্যক্রমের আওতায় আনতে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও সরকারি বাঙলা কলেজে টিকাকেন্দ্র স্থাপনের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকে চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতেই এই ব্যবস্থা গ্রহণ করা হলো। জানতে চাইলে অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘আনুষ্ঠানিকভাবে এখনো আমি চিঠি পায়নি। আগামীকাল এ বিষয়ে সিভিল সার্জনের সঙ্গে কথা বলব যাতে দ্রুত টিকা কার্যক্রম শুরু করা যায়।’ এ বিষয়ে ঢাকা জেলা সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, ‘আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। সাত কলেজের তো অনেক শিক্ষার্থী, আমরা বড় একটি জায়গা খুঁজছি যেখানে কেন্দ্র করতে পারব। সাত কলেজে আলাদা কেন্দ্র করার জনবল নেই, তাই নির্দিষ্ট একটি কেন্দ্র থেকে এসব শিক্ষার্থীকে টিকা নিতে হবে।’
