সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিবের (৪০) নিথর দেহ শেষবারের মতো আনা হয় ক্যাম্পাসে। প্রিয় শিক্ষককে শেষ বিদায় জানাতে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষ ভিড় করেন বিশ্ববিদ্যালয়ে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে কাজী মসিউর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সকলের চোখের জলে ক্যাম্পাসের পরিবেশ ভারী হয়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক-শিক্ষার্থীর খুব প্রিয় ছিলেন কাজী মসিউর রহমান।
তিনি পরিবেশ দূষণ, সমসাময়িক বৈশ্বিক প্রেক্ষাপট ও সাহিত্যের বিষয়ে খুব সচেতন ছিলেন। বিভিন্ন সেমিনার কিংবা আলোচনা সভায় এ সকল বিষয় ও দর্শন নিয়ে নিয়মিত কথা বলতেন তিনি। তার কথা মন্ত্রমুগ্ধের মতো শুনতো অগণিত মানুষ। তার এমন আকস্মিক মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন সকল শুভানুধ্যায়ী।
বুধবার ঢাকা-পিরোজপুর মহাসড়কের নাজিরপুর থানার কবিরাজবাড়ি এলাকায় অটোরিকশা ও ইমাদ পরিবহনের একটি বাসের সংঘর্ষে মারা যান শিক্ষক কাজী মসিউর রহমানসহ অটোরিকশা চালক মো. রাকিব (১৭)। এ ছাড়া মর্মান্তিক এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কাজী মসিউর রহমানের স্ত্রী সিফাত আইরিন মৌ (৩০) ও পুত্র কাজী মন্ময় রহমান দীপ্র (৬) খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে স্ত্রী ও পুত্রকে নিয়ে একটি অটোরিকশায় করে পিরোজপুর থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন কাজী মসিউর রহমান। এ সময় কবিরাজবাড়ি নামক স্থানে গেলে ইমাদ পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। এতে অটোরিকশাবাহী সকলে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনাতে কর্তব্যরত চিকিৎসক বিশ্ববিদ্যালয় শিক্ষক মসিউর রহমান ও অটোরিকশা চালক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান অব্যাহত আছে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক হাবিবুর রহমান বলেন, কাজী মসিউর রহমানের মরদেহ নিজ বাড়ি পিরোজপুরে বাদ আসর দাফন করা হবে।
এ ঘটনায় জড়িতদের আটকের দাবিতে বুধবার রাত ১০টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর এলাকার পিরোজপুর-নাজিরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।
