পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) বৃহস্পতিবার থেকে কাবুল ফ্লাইট স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। তালেবানদের অতি বেশি হস্তক্ষেপ এবং বিমানের স্টাফদের অপমানের অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিমান সংস্থাটি।
তালেবানদের অভিযোগ পিআইএ আগের সরকারের সময় যে টাকায় যাত্রী পরিবহন করত এখন তার চেয়ে বেশি টাকা নিচ্ছে। তালেবানরা পিআইএ-কে তাদের টিকিটের দাম কমানোর আদেশ দেয়।
অন্যদিকে, পিআইএ অভিযোগ করেছে, তালেবানরা নির্বিচারে নিয়ম পরিবর্তন করছে এবং তাদের বিমানের কর্মীদের অপমান করেছে।
পিআইএর মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, তালেবান কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপের কারণে আমরা আজ থেকে ইসলামাবাদ থেকে কাবুলের উদ্দেশ্যে আমাদের ফ্লাইট কার্যক্রম স্থগিত করছি।
প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান কর্মকর্তারা বিমানকর্মীদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন এবং একজন কর্মীর সঙ্গে দুর্ব্যবহারও করেছেন। পিআইএর মুখপাত্র বলেছেন, ‘পরিস্থিতি অনুকূল না হওয়া পর্যন্ত কাবুল আসা-যাওয়ার ফ্লাইট স্থগিত থাকবে’।
কাবুল থেকে ইসলামাবাদ যাওয়ার একমুখী ফ্লাইটের জন্য ১,২০০ ডলারের মতো অতিমাত্রার চার্জ নেওয়ায় পাকিস্তানি এই বিমান সংস্থা সমালোচনার মুখে পড়েছে। তবে বিমান সংস্থাটি বলছে, কাবুলে যাত্রী পরিবহন ‘আর্থিকভাবে খুব লাভজনক নয়’ এবং শুধুমাত্র ‘মানবিকতার কারণে’ তারা কাবুল ফ্লাইট পরিচালনা করছিল।
পিআইএ একমাত্র আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান সংস্থা, যা নিয়মিতভাবে কাবুলের বাইরে চলাচল করছিল। এয়ারলাইনটি প্রথমে বলেছিল যে, তারা শুধুমাত্র কিছু আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং মিশনের অনুরোধের ভিত্তিতে চার্টার্ড ফ্লাইট পরিচালনা করবে।
তালেবানরা ক্ষমতা দখল করার পর পিআইএ কাবুলের বাণিজ্যিক ফ্লাইট পুনরায় শুরু করার অনুরোধ প্রথমে প্রত্যাখ্যান করেছিল। পরে তারাই হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে তালেবানের অধীনে প্রথম বাণিজ্যিক আন্তর্জাতিক ফ্লাইট চালু করে।
