জাপানের পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী ৩১ অক্টোবর সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা করেন তিনি। খবর আলজাজিরার।
দ্বিতীয় বিশ্বযুদ্ধপরবর্তী সময়ে জাপানের গণতান্ত্রিক ইতিহাসে এবারই প্রথম নিম্নকক্ষের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে সব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে। গত ৪ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ফুমিও কিশিদা। আগামী ২১ অক্টোবর নিম্নকক্ষের মেয়াদ শেষ হচ্ছে। তার এক সপ্তাহ আগে নিম্নকক্ষ ভেঙে দিলেন কিশিদা। তিনি আশা করছেন, করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে হ্রাস পাওয়া ভোটারদের আস্থা অর্জনে তার দল এলডিপিকে সাহায্য করবে।
জাপানের সংবিধানে বলা আছে, নিম্নকক্ষ ভেঙে দেওয়ার ৪০ দিনের মধ্যে নতুন নির্বাচনের তারিখ সরকারকে নির্ধারণ করে নিতে হবে। সানকেই সংবাদপত্র পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৮ শতাংশ ভোটার চান কিশিদার প্রশাসন করোনাভাইরাস নিয়ে সবচেয়ে বেশি কাজ করুক। এরপর তারা চান, অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা ও কর্মসংস্থান নিয়ে সরকার কাজ করুক।
নিম্নকক্ষে মোট আসন ৪৬৫টি। ২০১৭ সালের অক্টোবরে নিম্নকক্ষের সর্বশেষ নির্বাচনে জোট পেয়েছিল ৩১০ আসন। ২৩৩টি আসন লাভ করা হচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে নেওয়া।
