নেত্রকোনা থেকে সুনামগঞ্জ-সিলেট পর্যন্ত রেলপথ হবে: রেলমন্ত্রী

আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ০৯:২৬ পিএম

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সুনামগঞ্জ হয়ে সিলেট পর্যন্ত রেলপথ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী এড. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, বর্তমান সরকার রেলপথকে গুরুত্ব দিয়ে ঢেলে সাজাচ্ছে। দেশের ৫৬টি রেল লাইনের উন্নয়নকাজ চলছে। এ ছাড়া চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণসহ দেশের অনেকে জেলাকে রেল যোগাযোগের আওতায় আনা হচ্ছে।

শুক্রবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জে পৌর পাবলিক হলে একটি বই প্রকাশ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে মোহনগঞ্জ: মহেশখলা ইয়ুথ ক্যাম্প ও ডা. আখলাকুল হোসাইন আহমেদ’নামে বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি। ডা. আখলাকুল হোসাইন আহমেদ মেমোরিয়াল ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

ট্রাস্টের চেয়ারম্যান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব ও বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইফুল হাসান।

সম্প্রতি মোহনগঞ্জে রেল স্টেশনের উন্নয়নকাজ চলছে। ফলে নতুন প্ল্যাটফর্ম নির্মাণসহ বিভিন্ন উন্নয়নকাজের স্বার্থে অবৈধ দোকানপাট, ঘরবাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেল কর্তৃপক্ষ।

এ বিষয়ে রেলমন্ত্রী বলেন, এখানে রেলওয়ে সুপার মার্কেট করার পরিকল্পনা আছে। উচ্ছেদ অভিযানের ফলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সেখানে অগ্রাধিকার ভিত্তিতে দোকান বরাদ্দ দেওয়া হবে। তবে পুনর্বাসন প্রক্রিয়ায় ভুয়া ক্ষতিগ্রস্তদের নাম অন্তর্ভুক্ত না করার বিষয়ে সতর্ক করেন তিনি। এছাড়া নতুন স্টেশন তৈরি হওয়ার পর মোহনগঞ্জ থেকে চট্টগ্রাম যাওয়ার একটি ট্রেন চালু করার আশ্বাস দেন রেলমন্ত্রী।

মন্ত্রী বলেন, রেলের জায়গা দখল করে অন্যর কাছে ভাড়া দিয়ে সুবিধা নেয় অনেকে। এতে রেল কিছুই পায় না, সুবিধা পায় তৃতীয় পক্ষ। এভাবে রেলের জায়গা দখল করে ভাড়া দিয়ে তৃতীয় পক্ষকে কোনো সুবিধা নিতে দেওয়া হবে না।

মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের প্রসঙ্গ টেনে রেলমন্ত্রী বলেন, ৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার পর স্বাধীনতা বিরোধী শক্তি ইতিহাস বিকৃতির চেষ্টা করেছে। পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই অবস্থা থেকে অনেকটা উত্তরণ ঘটিয়েছেন। তবে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধের ঘটনাগুলো বই আকারে প্রকাশ করা দরকার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কবি ড. কামাল চৌধুরী প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত