আশুলিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১০:১২ পিএম

সাভারের আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই শিশুর পরিবার।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাভারের আউকপাড়া এলাকার রেজাউল করিম (৪৩) ও তার ছেলে আব্দুর রহমান (২১)।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে ভুক্তভোগী ওই শিশু বাড়ির ছাদে খেলতে গেলে প্রতিবেশী রেজাউল তার স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এর আগে গত ৬ আগস্ট শিশুটি ছাদে গেলে একইভাবে রেজাউল করিমের ছেলে আব্দুর রহমানও তাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি কাউকে জানালে শিশুটিকে প্রাণনাশের হুমকি দেয় অভিযুক্ত বাবা-ছেলে।

এ ঘটনায় ভয়ে শিশুটি পরিবারের কাউকে কিছু না বললেও মানসিকভাবে ভেঙে পড়ে। তার অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা কারণ জানকে চাইলে একপর্যায়ে শিশুটি তার পরিবারকে ধর্ষণ চেষ্টার বিষয়টি খুলো বলে।

ভুক্তভোগী শিশুটির বাবা বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করছিলাম আমার মেয়ে সব সময় আতঙ্কে থাকে। বিষয়টি সন্দেহ হলে আমরা তার কাছে ভয়ের কারণ জানতে চাই। পরে তার মুখ থেকে সব কথা শুনে শুক্রবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছি। এ ঘটনায় পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে আসেন।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদেরকে ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত