সিরাজগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগকালে মোহাম্মদ আলী (৫৫) নামে এক ইউপি সদস্য প্রার্থী মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। গতকাল শনিবার সকালে ওই ওয়ার্ডের বাঐতারা এলাকায় ভোটারদের সঙ্গে নির্বাচনী গণসংযোগ করার সময় আকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মোহাম্মদ আলী বাঐতারা গ্রামের মৃত তাহের ম-লের ছেলে। তিনি গত বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচন অফিসে তার মনোনয়নপত্র জমা দেন। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে এ ওয়ার্ডে ভোটগ্রহণের কথা রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে অ্যাজমা ও শ্বাসকষ্ট রোগে ভুগছিলেন।
এলাকাবাসী জানায়, এদিন সকালে নিজ নির্বাচনী এলাকার বাঐতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ভোটারদের সঙ্গে গণসংযোগকালে মোহাম্মদ আলী হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সিরাজগঞ্জ সদর থানার এএসআই শাহীনুর রহমান বলেন, মোহাম্মদ আলীর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
