শ্রীপুরে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ০৯:২৯ এএম

গাজীপুরের শ্রীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেল ধাক্কা দিলে আরোহী দুজনের মৃত্যু হয়।

শনিবার রাতে শ্রীপুর-রাজাবাড়ী আঞ্চলিক সড়কের জয়নারায়ণপুর এলাকার ইকো কয়েল (মশার) ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে শ্রীপুরের দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বেপরোয়া মোটরসাইকেল দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।

পরে আহত অন্য আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত কাজল সরদার (৩০) বরমী ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের গিয়াস উদ্দিনের ছেলে। অপরজন আবুল কালাম (৪০) পাশের ভিটিপাড়া গ্রামের মৃত আবদুল বাতেনের ছেলে। 

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক দেশ রূপান্তরকে জানান, ট্রাকটি স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। তবে চালক পালিয়ে গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত