কুমিল্লার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেওয়ায় শরীয়তপুরে শহীদুল ইসলাম ঢালী নামে এক ছাত্রলীগ নেতাকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শহীদুল শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। রবিবার দুপুরে জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান রাশেদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সম্প্রতি কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে শহীদুল ইসলাম ফেইসবুকে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দেন। বিষয়টি ১৪ অক্টোবর নজরে আসে। এরপর দলীয় পদ থেকে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
এদিকে শহীদুল ইসলাম বলেন, মুসলমান হিসেবে কোরআন অবমাননার প্রতিবাদ তো করবই। আমি সঠিক কাজটিই করেছি।
শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুজ্জামান সিকদার বলেন, উপজেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম ঢালী ফেইসবুকে উসকানিমূলক পোস্ট দিয়েছেন। ছাত্রলীগের নেতা হিসেবে সংগঠনের শৃঙ্খলা তিনি ভঙ্গ করছেন। তাই নেতাদের পরামর্শে তাকে বহিষ্কার করা হয়েছে।
