প্লাস্টিক বর্জ্য মুক্ত বাংলাদেশ গড়তে সরকার সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট প্ল্যান চূড়ান্ত করছে।
রবিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এ তথ্য জানান।
মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বিশ্বব্যাংক কর্তৃক প্রস্তুতকৃত “টুওয়ার্ড এ মাল্টিসেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর সাসটেইনেবল প্লাস্টিক ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ” শীর্ষক প্রতিবেদন পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন পরিবেশ সচিব।
তিনি বলেন, বর্তমানে বাস্তবায়নাধীন থ্রি আর (3R- Reduce, Reuse, Recycle) পলিসি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কার্যকর করে প্লাস্টিক বর্জ্য মুক্ত বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
সভায় এফবিসিসিআই এর সভাপতি জসিম উদ্দিন বিদেশ হতে প্লাস্টিক বর্জ্য আমদানি নিষিদ্ধ করার সুপারিশ করে বলেন, বিদেশ হতে প্লাস্টিক বর্জ্য আমদানি করলে দেশের প্লাস্টিক বর্জ্য পুনঃ ব্যবহার, পুনঃ চক্রায়ন এবং হ্রাস নীতি কার্যকর হবে না। এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিশেষ প্রকল্পের মাধ্যমে উদ্ভাবিত সোনালি ব্যাগ বেসরকারি খাতের মাধ্যমে উৎপাদন করার জন্য তিনি সুপারিশ করেন। ব্যবসায়ীরা বিনিয়োগ করে এটিকে জনপ্রিয় করে তুলতে উদ্যোগী হবেন বলে তিনি সভাকে জানান।
সভায় জানানো হয়, বর্তমানে ৩৭ শতাংশ প্লাস্টিক বর্জ্য রিসাইকেল করা হয়। প্লাস্টিক অ্যাকশন প্ল্যানে ২০২৫ সালের মধ্যে ৫০ শতাংশ এবং ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ প্লাস্টিক রিসাইকেল করা, ২০৩০ সালে মধ্যে ৩০ শতাংশ প্লাস্টিক বর্জ্য উৎপাদন হ্রাস করা এবং ২০২৬ সালের মধ্যে ৯০ শতাংশ সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিহার করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খসড়া অ্যাকশন প্ল্যান এর ওপর উপস্থিত সদস্যবৃন্দের সুপারিশসমূহ গ্রহণ করে এটিকে চূড়ান্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ অণু বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, সিটি করপোরেশন, ওয়াসা, রাজউক, এফবিসিসিআই, প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক মালিক সমিতি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
