সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ নেতা হাসানুল হক ইনু বলেছেন, সারা দেশে পূজামণ্ডপে হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে প্রশাসন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লিতে পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হামলা ঠেকানোর দায়িত্বে থাকা প্রশাসন ব্যর্থ হলো কেন? প্রশাসন কি অদক্ষ, নাকি গাফিলতি আছে, নাকি প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক কর্মচারীর ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা আছে-সরকারকে তা তদন্ত করে দেখতে হবে। তা না হলে এই হামলার পুনরাবৃত্তি ঘটবে।
তিনি বলেন, বত্রিশ হাজার পূজামণ্ডপে নিরাপত্তা দেওয়া হলো অথচ ৫০টিতে হামলা হলো। এর দায়দায়িত্ব প্রশাসনকে নিতে হবে।
তিনি আরো বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা দেশের শত্রু, সমাজের শত্রু। এদের দ্রুত বিচার আইনে তিন মাসের মধ্যে শাস্তি নিশ্চিত করা হোক। দৃশ্যমান শাস্তি হলে প্রতীয়মান হবে যে হামলাকারীরা রেহাই পায় না।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাষ্ট্রকে নিতে হবে জানিয়ে তিনি বলেন, তাদের ক্ষয়ক্ষতিতে সহায়তা, বাড়িঘর নির্মাণসহ মন্দির পুনর্নির্মাণ রাষ্ট্রকেই করতে হবে। দেশের যেসব জায়গায় এটি ঘটেছে সেখানে রাষ্ট্রকে একই নীতি অনুসরণ করতে হবে।
সাম্প্রদায়িক বিশৃঙ্খলার জন্য বিএনপিকে দায়ী করে তিনি বলেন, যত দিন দেশের জামায়াত-শিবির, রাজাকারদের সঙ্গে বিএনপির জোট থাকবে তত দিন এ হামলা চলবেই। তাই এই বিশৃঙ্খলা সৃষ্টিকারী দলকে বয়কট করতে হবে।
রংপুরে গণহারে গ্রেপ্তারের অভিযোগ করে তিনি বলেন, প্রশাসনের প্রতি আমার অনুরোধ নিরপরাধ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবেন না। যারা হামলাকারীরা তা জানা গেছে। সুতরাং নিরীহ কাউকে ধরবেন না।
এ সময় রংপুর জেলা জাসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
