হাজিগঞ্জে গুলিতে আহত সাগর ঢামেকে মারা গেছেন

আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১০:০২ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে মিছিলে গুলিবিদ্ধ হয়ে আহত সাগর হোসেন (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছন নিহত সাগরের বাবা মো. মোবারক হোসেন। সাগর পেশায় পিকআপ ভ্যান চালক ছিলেন।

মো. মোবারক হোসেন জানান, ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে হাজীগঞ্জ বাজারে পিকআপ ভ্যান রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিল সাগর। তখন ওই বাজারে কুমিল্লায় কোরআন অবমাননার অভিযোগে মিছিল হচ্ছিল। সেই মিছিলের মধ্যে পড়ে যায় সাগর। সেখান থেকে বের হতে দৌড় দিলে মাথায় গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যায়।

হাসপাতালে সাগরের বড় ভাই মো. মতিউর রহমান জানান, আহত অবস্থায় তখন পুলিশ তাকে উদ্ধার করে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করায়। পরিবারকে খবর দিলে ভোরে সেখানে গিয়ে সাগরকে দেখতে পান তারা। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে নিয়ে আসা হয় রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে। তিনদিন আইসিইউতে রাখার পর অর্থ সংকটের কারণে ১৬ অক্টোবর দুপুরে সেখান থেকে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেলে।

স্বজনরা জানান, তার বাড়ি চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার মকিনাবাদ গ্রামে। আয়শা নামে চার মাসের একটি মেয়ে রয়েছে তার।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরির্দশক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত