বেশ কয়েক দিন ধরে কমতির দিকে থাকার পরে আবারও বাড়তে শুরু করেছে কাঁচা মরিচের দাম। পড়তা না হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকরা।
বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ হওয়ায় ও দেশীয় কাঁচা মরিচের সরবরাহ কমায় আবারও হিলিতে কাঁচামরিচের দাম পাইকারি ও খুচরাতে বাড়তে শুরু করেছে।
দুদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ পাইকারিতে ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হলেও তা বেড়ে ৭৫ টাকায় দাঁড়িয়েছে। খুচরাতে দাম ছিল প্রতি কেজি ৫৫ টাকা থেকে ৬৫ টাকা তা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।
বুধবার সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, হিলি বাজারের সবকটি কাঁচামালের দোকানেই কাঁচা মরিচের সরবরাহ রয়েছে। তবে সরবরাহ থাকলেও দাম আগের তুলনায় অনেকটা বেড়েছে। এদিকে আবারও কাচা মরিচের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন।
হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা ইসরাইল হোসেন বলেন, কয়েকদিন দাম বাড়তি থাকার পর গত সপ্তাহ থেকে কাঁচা মরিচের দাম ৫০ থেকে ৬০ টাকায় নেমে এসেছিল। এতে করে আমাদের জন্য কাঁচামরিচ কেনা সুবিধা ছিল, দাম বেশি থাকায় যেখানে আড়াইশো গ্রাম কাঁচামরিচ কিনতাম দাম কমার কারণে সেটি বাড়িয়ে হাফ কেজি থেকে ১ কেজি কিনতাম। কিন্তু দুদিন না যেতেই আবারও কাঁচামরিচের দাম বাড়ছে, এতে করে আমাদের মতো নিম্ন আয়ের মানুষজনের সমস্যায় পড়তে হচ্ছে দাম যেন কমে আগের মতো হয় সেই দাবি জানাচ্ছি।
হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা বিপ্লব হোসেন বলেন, আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে কাঁচামরিচ উৎপাদন ভালো হওয়ায় বাজারে দেশীয় কাঁচা মরিচের সরবরাহ বেড়েছিল। মোকামে আগে যেখানে এক থেকে দেড়শো মণ কাঁচামরিচ আমদানি হতো সেটি থেকে বেড়ে দুই থেকে আড়াইশো মনে দাঁড়িয়েছিল। যার কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছিল।
হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বলেন, বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে দেশীয় কাঁচামরিচ ওঠায় বাজারে দেশীয় কাঁচামরিচ সরবরাহ ভালো রয়েছে। সে কারণে দাম আগের তুলনায় কম রয়েছে।
বর্তমানে ভারতে যে কাঁচামরিচের দাম রয়েছে তাতে করে বন্দরে পৌঁছতে প্রতি কেজি কাঁচামরিচ ৭৫ টাকার মতো পড়তা পড়বে। কিন্তু দেশের বাজারে দেশীয় কাঁচামরিচ এর চেয়ে কম দামে বিক্রি হচ্ছে যার কারণে পড়তা না থাকায় বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ রাখা হয়েছে।
দেশের বাজারে কাঁচামরিচের দাম বাড়লে আবারও বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি করা হবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজার ৬ দিন বন্ধ শেষে হিলি স্থল বন্দর দিয়ে ১৭ অক্টোবর পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। সেদিন ২টি ট্রাকে বন্দর দিয়ে ১৯ টন কাঁচামরিচ আমদানি হয়েছে তবে এরপর থেকে বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি বন্ধ রয়েছে।
