সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ঢাকার বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষক রুমা সরকারকে আটক করেছে র্যাব।
বুধবার র্যাবের মিডিয়া উইং-এর সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।
সম্প্রতি দেশে দুর্গা পূজার সময় থেকে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে রুমা সরকার ফেইসবুকে টানা পোস্ট দিয়ে আসছিলেন। ঠিক কোন পোস্ট করার জেরে তাকে আটক করা হয়েছে সেটি পরিষ্কার নয়।
রুমা সরকার বদরুন্নেসা কলেজে বাংলা বিভাগের শিক্ষক। তিনি তার ফেইসবুক পেজে নিজেকে বাংলাদেশ টেলিভিশনের একজন আবৃত্তিশিল্পী হিসেবে পরিচয় দিয়েছেন। উচ্চারণ শেখানোর একটি সংগঠনের প্রতিষ্ঠাতা তিনি। তবে তার এসব পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার মধ্যরাতে দেয়া ফেইসবুকে তার সর্বশেষ পোস্টে লেখা রয়েছে, এত রাতে দরজায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে তার দরজায় নক করা হচ্ছে।
তিনি লিখেছেন, “আমার বাসায় এত রাতে কারা কলিং বেল চাপছে, বলছে আইনশৃঙ্খলা বাহিনী”।
