১৬ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ২১ অক্টোবর ২০২১, ১০:২৪ পিএম

সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির নবগঠিত ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি থেকে ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে এর প্রতিবাদে তারা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দেন। গত বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মো. আশেক মিয়া। লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি সরাইল উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এই আহ্বায়ক কমিটিতে প্রকৃত পরীক্ষিত-ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আহ্বায়ক, সদস্য সচিবের আত্মীয়স্বজনকে দিয়ে কমিটি গঠন করা হয়।

সংবাদ সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান আবু মুছা ওসমানী মাসুক বলেন, ‘২০ বছর ধরে আমি বিএনপির সভাপতি ও আহ্বায়ক। অথচ নতুন আহ্বায়ক কমিটি গঠন করার সময় আমাকে বলারও প্রয়োজন মনে করেনি উপজেলা কমিটি।’

সরাইল উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুজ্জামান লস্কর তপু বলেন, সংবাদ সম্মেলনে আনা সব অভিযোগ ‘মিথ্যা’। বিএনপির রাজনীতিতে পরিচিত-পরীক্ষিত নেতাকর্মীদের দিয়েই কমিটি গঠন করা হয়েছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যেই নতুন কমিটি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত