রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় টঙ্গী থেকে দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
তারা হলেন ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও সহযোগী রবিউল ইসলাম।
শনিবার সকালে এক সংক্ষিপ্ত বার্তায় গণমাধ্যমকে বিষয়টি জানায় বাহিনীটি।
আরও বলা হয়, রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে শনিবার বেলা সাড়ে ১১টা নাগাদ ঘটনার বিস্তারিত জানানো হবে।
এর আগে শুক্রবার রাতে পীরগঞ্জের হামলার মূল হোতাদের একজন গ্রেপ্তার হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান খান। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
গত ১৭ অক্টোবর পীরগঞ্জের জেলে পল্লিতে বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ এ ঘটনায় প্রথম দফায় গ্রেপ্তার করে ৩৮ জনকে জেলহাজতে পাঠায়।
পুলিশ জানায়, ধর্ম অবমাননার ছবি ফেইসবুকে পোস্ট করেছে এমন অভিযোগ তুলে এক তরুণের বাড়ি ঘিরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এরপর সপরিবারে পালিয়ে যায় ওই তরুণ। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে নিরাপত্তা জোরদার করে।
পুলিশ সুপার জানান, ওই বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে কয়েকটি হিন্দু বাড়ি ও দোকানপাটে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনা নিয়ন্ত্রণে সেখানে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। রাত ১টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আর জেলা প্রশাসন থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
