পারফরম্যান্স বাজে হলে সমালোচনা হবেই: ডমিঙ্গো

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ০৭:২৭ পিএম

চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলছে বাংলাদেশ। রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচ খেলবে টাইগাররা। সেই ম্যাচের আগে বাংলাদেশ দলের ভেতরের আবহটা আসলে কেমন?

প্রধান কোচ রাসেল ডমিঙ্গো শনিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, দলকে নির্ভার রাখার কাজটাই করছেন তারা। বাইরের আলোচন-সমালোচনা থেকে দলকে দূরে রাখার কাজ করে যাচ্ছেন কোচিং স্টাফের সদস্যরা।

স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে হারায় সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ ক্রিকেট দল। সাধারণ সমর্থক থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও ক্রিকেটারদের পারফরম্যান্সের সমালোচনা করেন।

তবে ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে জয়ে সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত করে বাংলাদেশ। পাপুয়া নিউ গিনিকে হারিয়ে সুপার টুয়েলভ পর্ব নিশ্চিতের পর মাহমুদউল্লাহ রিয়াদ সংবাদ সম্মেলনে আবেগঘন বক্তব্য দেন।

মাহমুদউল্লাহ বলেন, ‘সমালোচনা হবেই। এটা কাম্য। কিন্তু সুস্থ সমালোচনা হলে সবার জন্য ভালো… কমিটমেন্ট নিয়ে কখনো প্রশ্ন করা ঠিক নয়।’ তার বক্তব্য ছিল, ‘ক্রিকেটাররাও মানুষ। তাদেরও গায়ে লাগে।’

মাহমুদউল্লাহর কথার তীর ছিল সমর্থক থেকে শুরু করে বোর্ড সভাপতির প্রতিও। আর এর প্রেক্ষিতে বিসিবি সভাপতিও মুখ খুলেছেন। একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘সমর্থক-দর্শকরাও মানুষ। বিসিবিতে থাকা সবাই মানুষ।’

শ্রীলঙ্কা ম্যাচের আগে ডমিঙ্গোর সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ উঠেছে। উত্তরে ডমিঙ্গো বলেন, ‘দলের বাইরে কী বলা হলো, সেটা নিয়ে খুব বেশি চিন্তা করার সুযোগ নেই। আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই। কালকের ম্যাচে খেলোয়াড়েরা কীভাবে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে, সেটার দিকেই নজর দিচ্ছি আমরা।’

আর সমালোচনাকেও স্বাভাবিকভাবেই নিচ্ছেন তিনি, ‘পারফরম্যান্স বাজে হওয়ার পর সমালোচনা হবেই। বিশেষ করে বাংলাদেশের মতো ক্রিকেট-পাগল দেশের হয়ে খেললে। আর সমালোচনা তো আন্তর্জাতিক যেকোনো খেলারই অংশ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত