বিশেষ ধরনের অ্যারোমাথেরাপি স্প্রে-তে থেকে বিরল জীবাণু সংক্রমণ আতঙ্ক বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রদেশে।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) শুক্রবার এ কথা জানিয়েছে। খবর: আনন্দবাজার।
জানা গেছে, জর্জিয়ায় যে আক্রান্তের সন্ধান মিলেছে, তার বাড়িতে রয়েছে ওই স্প্রে। এটি সাধারণের হাতের নাগালের মধ্যেই বিক্রি হচ্ছে বিভিন্ন বহুজাতিক পণ্য বিক্রেতা সংস্থার দোকানে। সেই কারণেই দ্রুত রোগ ছড়িয়ে পড়ার আতঙ্ক তৈরি হয়েছে।
প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত জর্জিয়া, টেক্সাস, কানসাস এবং মিনেসোটায় এই রোগ ছড়িয়ে পড়তে দেখা গেছে। মৃত্যু হয়েছে দুজনের যার মধ্যে একটি শিশুও রয়েছে।
শুক্রবার ক্রেতা সুরক্ষা কমিশনের পক্ষ থেকে বলা হয়, বিক্রয়কারী দোকানটি এই স্প্রেটি প্রায় চার হাজার বোতল বিক্রি করে ফেলেছে। যে কয়েকজন এই রোগে আক্রান্ত হয়েছেন, তাদের চারজনের মধ্যে একজনের বাড়িতেই এই সুগন্ধীটির বোতল পাওয়া গেছে। বাকি তিনজনের বাড়িতে পাওয়া সুগন্ধীর বোতলও পরীক্ষা করা হচ্ছে।
‘বুরখোলডেরিয়া সিউডোম্যালিয়াই’ নামে এই জীবাণু মূলত পাওয়া যায় দক্ষিণ এশিয়া ও উত্তর অস্ট্রেলিয়ায়। আমেরিকার স্থানীয় মানুষদের মধ্যে কখনই এই রোগের সংক্রমণ দেখা যায়নি।
প্রতি বছর আমেরিকায় যেসব মানুষ এই রোগে আক্রান্ত হন, তাদের সকলেরই বিদেশ ভ্রমণের ইতিহাস রয়েছে। তবে ২০২১ সালে কয়েক মাসের মধ্যে স্থানীয় সংক্রমণ ধরা পড়েছে। সকলের ক্ষেত্রেই তাদের বাড়িতে এই স্প্রেটির সন্ধান পাওয়া গেছে।
প্রশাসন জানিয়েছে, খোলা বাজারে যাতে এই স্প্রে বিক্রি না হয়, তার সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
