বেনাপোল সীমান্তে বোমা বিস্ফোরণে গুরুতর জখম ৩

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৬:৫২ পিএম

বেনাপোলের পুটখালী সীমান্তে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন ৩ যুবক। খবর পেয়ে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

শনিবার রাত সাড়ে ১০টায় বেনাপোল’র পুটখালী গ্রামের মধ্যপাড়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহেল রানা (৩৫), জিয়াউর রহমানের ছেলে রাশেদ (৪০) ও একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুর রহমান (৪২)।

আহতদের মধ্যে রাশেদের ডান হাতের কবজি উড়ে গেছে। সোহেল রানা ও আশিকুরের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের মধ্যে সোহেল রানা জানান, তারা তিন বন্ধু রাত সাড়ে দশটার দিকে পুটখালী মধ্যপাড়ায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় প্রতিপক্ষরা তাদের ওপর বোমা হামলা করে। এ সময় রাশেদের বাম হাতের কবজি উড়ে যায়।

এদিকে অপর একটি সূত্র জানিয়েছেন, আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এলাকায় প্রভাব বিস্তারে তারা বোমা তৈরি করছিল। এ সময় বোমা বিস্ফোরণে তারা নিজ বোমায় আহত হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন স্বপন জানান, বোমায় আহতদের মধ্যে রাশেদের অবস্থা আশঙ্কাজনক।

বেনাপোল পোর্ট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করছে, এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। তবে রাশেদের অবস্থা সংকটাপন্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত