খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ নেতার মৃত্যু নিয়ে ধোঁয়াশা

আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ০৮:০৫ পিএম

খাগড়াছড়ির দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ, প্রসিত) পক্ষের আঞ্চলিক সংগঠক দীপন জ্যোতি চাকমা (৪৫) নিহত হয়েছেন বলে স্থানীয়রা দাবি করেছে।

তবে ইউপিডিএফ দাবি করেছে, তিনি মারা যাননি। গুলিবিদ্ধ দীপন জ্যোতির অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি (রবিবার) দুপুর আড়াইটার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়িমুখ এলাকায়।

ঘটনার শিকার দীপন জ্যোতি চাকমা উপজেলার কবাখালি ইউনিয়নের হাচিনসনপুর এলাকার দীপঙ্কর চাকমার ছেলে। 

দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানিয়েছেন, ঘটনার পর প্রতিপক্ষ চলে গেলে গুলিবিদ্ধ দীপন জ্যোতিকে নিজ দলের লোকেরা নিয়ে গেছেন।

ইউপিডিএফের (প্রসিত) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, তাদের দলের নেতা দীপনজ্যোতি প্রতিপক্ষের গুলিতে মারা যাননি; তবে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। ঘটনার পর তাকে নিজ দলের লোকেরা নিজেদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে দীঘিনালা থানার ওসি একেএম পেয়ার আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে কারও মৃতদেহ পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত