রংপুরের পীরগঞ্জে জেলে পল্লিতে অগ্নিসংযোগের ঘটনার পুড়ে যাওয়া জমির দলিল এবং প্রয়োজনীয় কাগজপত্রের সন্ধানে নেমেছে উপজেলা ভূমি অফিস।
রবিবার থেকে উপজেলা ভূমি অফিসের লোকজন ওই ঘটনায় যে সকল দলিলপত্র এবং প্রয়োজনীয় কাগজ পত্র আগুনে পুড়ে গেছে, সেই সকল কাগজ পত্র হোল্ডিং নম্বর অনুযায়ী তালিকায় অন্তর্ভুক্ত করা শুরু করেছেন।
প্রসঙ্গত, ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত ১৭ অক্টোবর রাত ১০টার দিকে পীরগঞ্জ উপজেলার কসবা করিমপুর জেলে পল্লির বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ৬৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম দেশ রূপান্তরের বলেন, আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেসব প্রয়োজনীয় কাগজ এবং দলিল পত্র আগুনে পুড়ে গেছে, সেই সব কাগজের হোল্ডিং নম্বর খুঁজতে শুরু করেছি।
তিনি আরও বলেন, আমরা এখন পর্যন্ত ৩৩ টি পরিবারের নামের তালিকা অন্তর্ভুক্ত করেছি।
জেলে পল্লির বাসিন্দা ও ভুক্তভোগী ননী গোপাল বলেন, আমরা ৫ ভাই, সবার মধ্যে আমি বড়। আমাদের ১৫ বিঘা জমির কাগজ আমার বাড়িতে ছিল। বর্তমানে সব দলিল পত্র আগুনে পুড়ে গেছে।
