অবশেষে না পারার হাহাকার দূর হলো পাকিস্তানের। কি ওয়ানডে বা টি-টোয়েন্টি, বিশ্বকাপের মঞ্চে আগে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। যে ব্যর্থতা ঘুচাল বাবর আজমের নেতৃত্বাধীন দল। গড়ল ইতিহাস।
দুবাইয়ে রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এর আগে বিশ্বকাপে ১২বারের মুখোমুখিতে প্রতিবারই হেরেছিল পাকিস্তান।
টি-টোয়েন্টি এই প্রথম ১০ উইকেটে জয় পেল পাকিস্তান। আর ভারত প্রথমবার ১০ উইকেটে হারল। আর তিন সংস্করণ মিলে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এটি ছিল মুখোমুখি ২০০তম লড়াই। যা রেকর্ড গড়া জয়ে রাঙাল পাকিস্তান।
টস হেরে ব্যাট করতে নামা ভারত অধিনায়ক বিরাট কোহলির ফিফটিতে পাকিস্তানকে ১৫২ রানের লক্ষ্য দিয়েছিল। দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের ব্যাটে যা ১৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় পাকিস্তান।
রিজওয়ান ৫৫ বলে অপরাজিত ৭৯ রান করেন ৬ চার ও ৩ ছক্কায়। বাবর ৫২ বলে ৬ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৮ রান করেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শাহিন শাহ আফ্রিদির তোপে মাত্র ৬ রান যোগ করতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। সেখান থেকে অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫১ রান করে দলটি।
কোহলি সর্বোচ্চ ৫৭ রান করেছেন। তার ৪৯ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। রিশভ পন্ত খেলেছেন ৩০ বলে ৩৯ রানের ইনিংস।
চাপের মুখে পন্তের সঙ্গে চতুর্থ উইকেটে ৪০ বলে ৫৩ রানের জুটি গড়েন কোহলি। পঞ্চম উইকেটে রবীন্দ্র জাদেজার সঙ্গে যোগ করেন ৩৩ বলে ৪১ রান। জাদেজা ১৩ বলে ১৩ রান করেন।
কোহলি ১৯তম ওভারে ফেরেন শাহিন আফ্রিদির শিকার হয়ে। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩১ রান খরচায় ৩ উইকেট পান শাহিন। তার অন্য দুই শিকার- রোহিত শর্মা ও লোকেশ রাহুল।
শাহিন ছাড়াও ৪৪ রান খরচায় ২ উইকেট পেয়েছেন হাসান আলি। ১টি উইকেট নিয়েছেন শাবাদ খান ও হারিস রউফ। ম্যাচসেরা হয়েছেন শাহিন আফ্রিদি।
