শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে করা নালিশি মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বাদী নাজিম উদ্দিন। গতকাল রবিবার সকালে আদালতে তিনি তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে মামলাটি চালাতে চান না উল্লেখ করে আদালতে পিটিশন দিলে আদালত তা গ্রহণ করে।
গত ১৯ মার্চ মুখ্য মহানগর হাকিম আদালতে অধ্যাপক সিরাজুল ইসলাম, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও লেখক নেছার আহমদের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সুজন।
মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০২০ সালের ১৭ মার্চ চট্টগ্রাম একাডেমি থেকে প্রকাশিত একটি বইয়ে ‘শেখ মুজিবের গোপন শত্রু’ নামে একটি প্রবন্ধের একাধিক স্থানে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করা হয়েছে।
