মাদারীপুরের শিবচরের পদ্মা নদী থেকে সোমবার রাত ৮টায় অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নৌ পুলিশ জানায়, রবিবার বিকেলে পদ্মা নদীর শিবচরের চরজানাজাত চ্যানেল দিয়ে একটি লাশ স্রোতে ভেসে যেতে দেখে স্থানীয়রা নৌ পুলিশকে খবর দেয়।
পরে চরজানাজাত নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক সাড়ে ৮টার দিক কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান গেট এলাকার পদ্মা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করে।
লাশটি আনুমানিক ৭-৮ দিন ধরে নদীতে থাকায় গলে পচে অনেকটাই নষ্ট হয়ে গেছে বলে পুলিশের ধারণা। উদ্ধারকৃত যুবকের বয়স আনুমানিক ৩২ বছর। পরনে সাদা গ্যাবার্ডিনের ফুলপ্যান্ট ও কোমরে কালো রঙের একটি বেল্ট রয়েছে।
চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মো. রেজাউল করিম বলেন, উদ্ধারকৃত লাশের শরীরের অধিকাংশ মাংস গলে গেছে। আমরা লাশটি উদ্ধার করে শিবচর থানায় পাঠিয়েছি।
