অটোরিকশা নিয়ে বের হওয়া চালকের গলাকাটা লাশ ধানক্ষেতে

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১২:৪৫ পিএম

জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলার দোগাছী-পাকরতলী গুচ্ছগ্রাম মোড় থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার চকবরকতের দক্ষিণ খাসপাহানন্দা গ্রামের মো. নিলু মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকালে শফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। সোমবার সকালে স্থানীয় লোকজন জয়পুরহাট-মঙ্গলবাড়ী সড়কের দোগাছী-পাকরতলী গুচ্ছগ্রাম মোড়ের পাশে ধানক্ষেতে একজনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, প্রাথমিকভাবে ধারণা- অটো ছিনতাই অথবা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে তাকে হত্যা করা হতে পারে। তদন্ত চলছে। পরে বিস্তারিত জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত