ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বালিগাঁও ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থীর জনসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গত রবিবার রাত ১১টার দিকে বালিগাঁও বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয়রা জানান, বালিগাঁও বাজারে আওয়ামী লীগের প্রার্থী শামসুল হকের নির্বাচনী জনসভা চলছিল। হঠাৎ বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের সমর্থকরা হামলা ভাঙচুর শুরু করে। এ সময় শামসুল হক ও সাবেক চেয়ারম্যান আবদুল কাদিরসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ঘটনায় শামসুল হক বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে ধোবাউড়া থানায় মামলা করেছেন। তিনি অভিযোগ করেন, ‘হারুন অর রশিদের লোকজন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে ও নির্বাচনের পরিবেশ অশান্ত করতে তার জনসভায় হামলা ও ভাঙচুর চালিয়েছে।’
হামলার বিষয় অস্বীকার করে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ বলেন, ‘আমার নাম ব্যবহার করে অপর কোনো পক্ষ এ হামলা চালাতে পারে।’
ধোবাউড়া থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
