ঢামেক হাসপাতাল থেকে রোগী নিখোঁজ থানায় জিডি

আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০১:৩৭ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হওয়া মাইনুদ্দিন (২৯) নামে এক রোগী নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় রোগীর স্বজন ও হাসপাতাল কর্র্তৃপক্ষ শাহবাগ থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

নিখোঁজ মাইনুদ্দিনের বাড়ি ফেনী সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম রবিউল হক। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, হাসপাতালে রোগীর নিখোঁজের ব্যাপারে পরিবার ও হাসপাতাল কর্র্তৃপক্ষের পক্ষ থেকে দুটি ডিজি করা হয়েছে।

মাইনুদ্দিনেন বড় ভাই জামাল উদ্দিন জানান, মাইনুদ্দিনের বাম পা ও পশ্চাদাংশ ফুলে গেছে। ইনফেকশনের কারণে এমনটি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য ২৩ অক্টোবর তাকে গ্রাম থেকে এনে ঢাকা মেডিকেলের নতুন ভবনের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। ওয়ার্ডের ২৯ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, রোগী নিখোঁজ সংবাদের পরপরই হাসপাতালে আনসার-পুলিশসহ সবাই তাকে খুঁজে বেড়াচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত