টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি।
এই সংস্করণে ইংলিশদের বিপক্ষে এটিই হতে যাচ্ছে টাইগারদের প্রথম ম্যাচ।
সুপার টুয়েলভ পর্বে এটি হবে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়ে আসর শুরু করে ইংল্যান্ড। ম্যাচটিতে আগে ব্যাট করা ক্যারিবীয়দের মাত্র ৫৫ রানে গুটিয়ে দিয়েছিল ইংলিশরা।
১৫ বছরে টি-টোয়েন্টি ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের মুখোমুখি হয়নি বাংলাদেশ।
এ বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সফরটি বাতিল করা হয়।
তবে বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরম্যান্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিল টাইগাররা।
