রাজশাহী সীমান্তে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। রাজশাহীর পবা উপজেলার চরমাঝারদিয়াড়ে সীমান্ত এলাকায় গতকাল বুধবার সকালে ওই যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পান স্থানীয়রা। হরিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বজলে রেজবী আল হাসান মুঞ্জিল এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম মো. মিঠুন (২৫)। তিনি ওই এলাকার মনজুর হোসেনের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহীর ১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, মিঠুন চরে মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। ভারত সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে তার লাশ পড়ে ছিল।
রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব আলম বলেন, সীমান্ত এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। তবে কীভাবে সে গুলিবিদ্ধ হয়েছে সে বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল ভোরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানতে পেরে সকালে মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে নেওয়া হয়।
